চুয়েটে “পাবলিক প্রকিউরমেন্ট এন্ড ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “পাবলিক প্রকিউরমেন্ট এন্ড ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৫ নভেম্বর) দুপুরে চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
এতে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান।
সেমিনারে মূল বক্তা ছিলেন কম্পট্রোলার শফিকুল ইসলাম। কর্মশালায় সভাপতিত্ব করেন চুয়েট আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া। সঞ্চালন করেন আইকিউএসি এর সেকশন অফিসার মোঃ ইমরান হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, “ আমরা সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষে কাজ করে যাচ্ছি। সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে দুর্নীতি বা অনিয়ম বন্ধ করা যাবে। ক্রয়ের আইন ও বিধির সঠিক প্রতিপালন এবং তা দক্ষতার সঙ্গে সময়মতো করতে পারলে সুশাসন প্রতিষ্ঠিত হবে। সেবার মানের উন্নতি হবে। এর জন্য ক্রয়কারী ও দরদাতার মধ্যে একটি পারস্পরিক আস্থা ও বিধির আলোকে সুসম্পর্ক প্রতিষ্ঠা জরুরি। অর্থ ব্যয়ে সরকারের আর্থিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে এবং বাস্তবায়নে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আর্থিক স্বচ্ছতা একটি সম্মিলিত দায়িত্ব, এটি দুর্নীতি মোকাবিলা এবং সমৃদ্ধ জাতি গঠনের জন্য একটি জাতীয় কর্তব্য হিসেবে বিবেচনা করা উচিত।”







